Weather Update

দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির দাপট, সপ্তাহের শুরুতেই বাড়বে গরমের অস্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির সম্ভাবনা। বাড়বে গরম ও অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে।

বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা কম থাকায় তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের সামান্য উপরে উঠতে পারে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১২:১৯

গত কয়েক দিনের কালবৈশাখী ও বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমেছে। সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, জুনের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি কমবে। গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টির কার্যকলাপ ক্রমশ জোরদার হওয়ার ইঙ্গিত মিলেছে।

বর্তমানে পাকিস্তান থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, ওড়িশা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। পাশাপাশি বাংলাদেশের মধ্যভাগে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে পূর্বাঞ্চলের আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে।

উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই ঝড়-বৃষ্টির কার্যকলাপ বাড়বে বলে পূর্বাভাস।

বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে ঝড়-বৃষ্টির প্রবণতা ক্রমশ কমতে পারে। আবহাওয়া দফতরের অনুমান, ৫ জুন পর্যন্ত বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা কম থাকায় তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের সামান্য উপরে উঠতে পারে। ফলে গরম ও অস্বস্তি দুটিই বাড়বে।

তবে আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।


Share