Weather Update

রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কয়েক জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি আবহাওয়া দফতরের

শহরে হালকা বৃষ্টি হতে পারে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি-কালিম্পংয়ের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শহরের আকাশ মেঘলা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১০:৪০

শনিবার থেকে শহরের আকাশের দেখা গিয়েছিল রোদ বৃষ্টির খামখেয়ালিপনা। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের পর এদিনও আকাশ মূলত মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও কলকাতায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবুও দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। অন্য দিকে, সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সকালে কখনও রোদ, কখনও মেঘের আনাগোনা থাকছে। তবে সারাদিনই আকাশে মেঘের প্রভাব বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই এলাকা গুলিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতিতে বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।

অন্য দিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কয়েকটি এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


Share