Weather Update

মহালয়ার আগে বৃষ্টির ভ্রুকুটি, শনিবার থেকে মিলবে স্বস্তি! কবে বিদায় নেবে বর্ষা, এখনও ধোঁয়াশা

মহালয়ার আগে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ১১:১০

পুজোর কাউন্টডাউন শুরু। মহালয়া মাত্র একদিন পর। পুজোর প্রস্তুতিও তুঙ্গে। তখনই আবহাওয়ার মেজাজ নিয়ে খানিকটা চিন্তায় রয়েছে বাঙালি। কখনও ঝিরঝিরে বৃষ্টি। আবার কখনও ঝেঁপে বৃষ্টি। পুজোর আগে চলছে আবহাওয়ার খামখেয়ালিপনা। গত কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক হওয়ার ইঙ্গিত মিলেছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার থেকে দক্ষিণবঙ্গে অনেকটাই শুষ্ক আবহাওয়া ফিরতে পারে। যদিও রাজ্য থেকে বর্ষা ঠিক কবে পুরোপুরি বিদায় নেবে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এই জেলাগুলির মধ্যে হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।

তবে শুক্রবার থেকেই ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং বাংলাদেশ লাগোয়া এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায় বৃষ্টি হবে বিচ্ছিন্নভাবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া ফেরার সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে।

উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি-সহ উপরের জেলাগুলিতে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমার সম্ভাবনা। রবিবার ও সোমবার বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

এদিকে বর্ষা বিদায়ের দিনক্ষণ নিয়ে এখনও নিশ্চিত নয় হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’-তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না। সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে এই প্রক্রিয়া শুরু হয়। সেই হিসেবে ১০ থেকে ১৪ অক্টোবরের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ শুক্রবারের পর বৃষ্টি কমে গেলেও তার অর্থ এই নয় যে বর্ষা পুরোপুরি বিদায় নিয়েছে। টানা বৃষ্টিহীন আবহাওয়া, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমে যাওয়া এবং শুষ্ক উত্তর দিকের বাতাস ঢোকার মতো পরিস্থিতি তৈরি হলেই বর্ষার বিদায় নিশ্চিত হবে।

কলকাতাতেও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে শহরে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার ও রবিবার কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.০২ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৪৭.০২ মিলিমিটার।

ফলে মহালয়ার পর থেকেই পুজোর আগে আবহাওয়ায় কিছুটা স্বস্তি ফেরার সম্ভাবনা। তবে বর্ষার পাকাপাকি বিদায়ের জন্য অপেক্ষা করতে হতে পারে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।


Share