Moonsoon Update

রাজ্যে প্রাকবর্ষার দাপট, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে দেশের আরও বিস্তীর্ণ অংশে অগ্রসর হচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বজায় থাকলেও ঝড়-বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১১:১৭

রাজ্য জুড়ে প্রাকবর্ষার বৃষ্টির প্রভাব অব্যাহত। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বর্তমানে উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্য দিকে বাংলাদেশ ও সংলগ্ন উত্তরবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি হারাচ্ছে। এ দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কেরল অতিক্রম করে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে প্রবেশ করেছে। আবহাওয়াবিদদের মতে, আগামী দু'দিনের মধ্যে মৌসুমি বায়ু উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও পৌঁছে যাবে।

উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস। মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড়বৃষ্টি না হলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, কোথাও কোথাও ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।

শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি অনুভূত হবে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ঝড়বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতর দিয়েছে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৮ শতাংশের মধ্যে রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


Share