Weather Update

আগামী এক সপ্তাহেও কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

হাওয়া অফিস জানিয়েছে, ১৯ ও ২০ মে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৬:৩৪

গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। রাস্তায় বেরোলেই হাঁসফাঁস অবস্থা, সঙ্গে তীব্র রোদের দাপট। অনেকের মনেই প্রশ্ন জাগছে, কবে মিলবে স্বস্তি! তবে আপাতত সেই সম্ভাবনা খুব একটা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাতে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ জুড়ে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে, ১৯ ও ২০ মে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে।

২০ মে-র পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষত বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টির পরেও গরম থেকে তেমন স্বস্তি মিলবে না বলেই পূর্বাভাস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে।

কলকাতা ও সংলগ্ন এলাকাতেও আগামী সাত দিন গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। সপ্তাহের মধ্যে দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা স্বস্তি ফেরানোর পক্ষে যথেষ্ট নয়।

অন্য দিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার এবং বুধবার নদিয়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং হুগলিতে আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই স্থানীয় বজ্রগর্ভ মেঘের প্রভাবে ঝড়বৃষ্টি হতে পারে।

তবে বৃহস্পতিবারের পর থেকে ঝড়বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। কিন্তু তাতেও গরম ও ভ্যাপসা অস্বস্তি থেকে তেমন রেহাই মিলবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।


Share