Weather Update

রথের দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপের জেরে উত্তরবঙ্গেও হবে ভারী বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব-পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি হয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গেও সপ্তাহের শেষে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১০:৩০

বৃহস্পতিবার রথযাত্রা। তার আগেই রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম বাংলাদেশ এলাকায় তৈরি হতে চলা নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থানরত ঘূর্ণাবর্তটি বুধবার নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যা জম্মু-কাশ্মীর থেকে বাঁকুড়া ও ক্যানিং হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুই আবহাওয়া ব্যবস্থার যৌথ প্রভাবে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে।

নিম্নচাপের জেরে সমুদ্রও উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। সেই কারণে বুধবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।

তবে আবহাওয়াবিদদের মতে, রথযাত্রার দিন বৃহস্পতিবার থেকেই বৃষ্টির দাপট আরও বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। এই জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে দার্জিলিং ও জলপাইগুড়িতে বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। ওই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সোমবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে।

বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কখনও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রথযাত্রার দিন বৃহস্পতিবার এবং শুক্রবার শহরে কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার জন্যও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।


Share