Weather Update

শনিবার দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি

গত দু'দিনের তুলনায় শহরে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে।

কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ১০:৪৬

দক্ষিণবঙ্গে শনিবার আংশিক মেঘলা আকাশের সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে উত্তরবঙ্গের তিন জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি রয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহের প্রথমভাগ পর্যন্ত বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকতে পারে।

বর্তমানে আসামে দুটি ঘূর্ণাবর্ত এবং বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম পর্যন্ত বিস্তৃত। এই সক্রিয় আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি হতে পারে। শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।

উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

অবিরাম বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষিজমিরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির হলুদ সতর্কতা বহাল থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কলকাতায় শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। গত দু'দিনের তুলনায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি না হলে বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়তে পারে। সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে।

 শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ থেকে ৯৮ শতাংশের মধ্যে রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


Share