Weather Update

পুজোর মুখে ফের বৃষ্টির ভ্রুকুটি, পণ্ড হবে কি পুজোর প্ল্যান! পঞ্চমী থেকে সপ্তমী-অষ্টমী কেমন থাকবে কলকাতা ও বঙ্গের আবহাওয়া?

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে বলে পূর্বাভাস।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১০:২১

আকাশে বাতাসে পুজোর মেজাজ। ভোর ও রাতের হওয়ায় হিমেল বাতাস। অনেক পুজো প্যান্ডেলের উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে মানুষের পুজোর প্ল্যানে জল ঢালবে না তো বৃষ্টি? বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হলেও পুজোর মুখে ফের আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত। আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বুধবার থেকেই আকাশের মুখ ভার হতে পারে।

 বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। যদিও রবিবার থেকে ফের আবহাওয়া শুষ্ক হওয়ার পূর্বাভাস। অন্যদিকে, উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। পুজোর দিনগুলিতে মূলত বৃষ্টির আশঙ্কা কম বলেই ইঙ্গিত আবহাওয়া দফতরের।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মঙ্গলবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে থাকতে পারে। তবে এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বাংলার আবহাওয়ায় সাময়িক পরিবর্তন হতে পারে। বিশেষ করে বুধবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, রাজ্য থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতিও তৈরি হচ্ছে। বর্ষা বিদায়ের রেখা বর্তমানে রাঁচির উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আগামী দু’দিনের মধ্যে বাংলা-সহ পূর্ব ভারতের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত মিলেছে ভারতের মৌসম ভবনের পূর্বাভাসে।

সোমবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। অধিকাংশ জেলায় বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। সকাল ও সন্ধ্যার দিকে আবহাওয়া থাকবে তুলনামূলক মনোরম। তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের বেলায় কিছুটা অস্বস্তি বজায় থাকতে পারে।

বুধবার বিকেলের দিকে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু’-একটি জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই জেলাগুলির পাশাপাশি হুগলি ও ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মূলত মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।

তবে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসার ইঙ্গিত রয়েছে। পাশাপাশি, তাপমাত্রাও ধীরে ধীরে কমতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে হেমন্তের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় সকাল ও সন্ধ্যায় আবহাওয়া মনোরম থাকতে পারে। হেমন্তের হালকা আমেজও অনুভূত হতে পারে।

তবে শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

কলকাতায় আপাতত মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনের মধ্যে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বুধবার থেকে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বুধবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯৭ শতাংশ।


Share