Weather Update

বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা, শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের তিন জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাসহ একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শনিবার পর্যন্ত বৃষ্টির দাপট চললেও রবিবার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারি বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ আগস্ট ২০২৬ ১২:১৭

রাজ্যজুড়ে বর্ষার দাপট অব্যাহত। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকবে। তবে রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি কমতে পারে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে ডালটনগঞ্জ ও কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়া উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকা এবং অসমের উপর আরও দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই সবকটি আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

শুক্রবার বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির আশঙ্কা অনেকটাই কমবে।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক কমলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বহাল থাকবে। রবিবার থেকে উত্তরবঙ্গেও আর কোনও সতর্কতা থাকবে না। বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি কমে গিয়ে কেবল দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে কলকাতায় আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে কয়েক দফা বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

শুক্রবার ও শনিবারও কলকাতায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমবে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৭ থেকে ৯৯ শতাংশের মধ্যে রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


Share