Weather Update

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গে বুধবার থেকে বাড়বে বৃষ্টির দাপট, পূর্বাভাস আলিপুরের

মৌসুমী অক্ষরেখা ও সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গেও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬ ১১:০৩

উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং-সহ একাধিক জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। অন্য দিকে দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষে দুই বঙ্গেই আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে নিম্নচাপের উপর দিয়ে ডালটনগঞ্জ, দক্ষিণবঙ্গের বাঁকুড়া হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি রাজস্থান থেকে উত্তরবঙ্গ ও সিকিম পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

অন্য দিকে উত্তরবঙ্গে সোমবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা কমবে। শুক্রবার ও শনিবার কোনও সতর্কতা থাকবে না।

ভারী ও অতিভারী বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। নিচু এলাকা জলমগ্ন হতে পারে। তিস্তা, তোর্সা, রায়ডাক ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির প্রভাবে কৃষিজমিরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

এ দিকে কলকাতায় সোমবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত শহরে দু-এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৩ শতাংশের মধ্যে রয়েছে।


Share