Weather Update

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গে বজায় থাকবে গরম ও অস্বস্তি, তবে কিছু জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।

দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১১:৩২

ইতিমধ্যে রাজ্যের প্রায় সর্বত্রই বর্ষার আগমন ঘটেছে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্য দিকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই পুরুলিয়ার কিছু অংশ বাদ দিয়ে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত এলাকায় প্রবেশ করেছে। আগামী দু’ থেকে তিন দিনের মধ্যে পুরুলিয়ার অবশিষ্ট অংশের পাশাপাশি ঝাড়খণ্ড, ওড়িশা ও বিহারের বাকি এলাকাতেও বর্ষা পৌঁছে যাবে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস।

সোমবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদ-নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় জল জমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শুধু ভারী বৃষ্টিই নয়, দার্জিলিং থেকে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে।

চলতি সপ্তাহে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা বেশি। এসব এলাকায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 সোমবার দক্ষিণবঙ্গের নয়টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতায় সকাল থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও প্রতিদিন বৃষ্টি হবে এমন নয়। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হলে স্বল্প সময়ের জন্য ঝড়বৃষ্টি হতে পারে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।


Share