Weather Update

উত্তরবঙ্গে বর্ষার অপেক্ষা, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা; বুধবার থেকে দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টির দাপট

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১২:০৩

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে প্রবেশ করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে সিকিম ও উত্তরবঙ্গেও বর্ষা প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। এর জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। শুক্রবার এই জেলাগুলির পাশাপাশি মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

অন্য দিকে দক্ষিণবঙ্গে আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। তবে আবহাওয়া দফতরের মতে, আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। তা সত্ত্বেও আগামী সাত দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনভর আকাশ আংশিক থেকে প্রধানত মেঘলা থাকতে পারে। শহরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের তীব্র রোদ ও অতিরিক্ত আর্দ্রতার কারণে যে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা তৈরি হয়েছিল, মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনায় কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হলেও বৃষ্টির কারণে গরম আরও বাড়ার সম্ভাবনা নেই।

এ দিকে মৌসুমী বায়ু ইতিমধ্যেই মণিপুর ও মিজোরামে প্রবেশ করেছে। বর্তমানে মৌসুমি অক্ষরেখার উত্তরাংশ উত্তর-পূর্ব ভারতের উপর অবস্থান করছে। কেরল, কর্ণাটক ও তামিলনাড়ু পেরিয়ে বর্ষা গোয়া এবং মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় পৌঁছে গিয়েছে। অন্ধ্রপ্রদেশের কিছু অংশেও বর্ষার প্রভাব শুরু হয়েছে। পাশাপাশি ছত্তীসগঢ় ও ওড়িশাতেও আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


Share