Weather Update

বর্ষা বিদায়ের পথে বাংলা, কমবে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

পুজোর আগে বাংলায় বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা কমবে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বর্ষা বিদায় পর্ব শুরু হতে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ১০:১৪

পুজো দোরগোড়ায়। বর্ষা শেষে শরতের আগমন কাল এসে উপস্থিত। রাজ‍্যে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনাও ধীরে ধীরে কমবে। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রাঁচি, রায়পুর এবং বারামতির উপর দিয়ে রয়েছে বর্ষা বিদায় রেখা। বিহার ও ঝাড়খণ্ডের কিছু এলাকা থেকেও বর্ষা বিদায় শুরু হয়েছে। ছত্তীসগঢ় ও মহারাষ্ট্রের কিছু অংশেও বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলায় বর্ষা বিদায়ের পর্ব শুরু হতে পারে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে।

পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

সোমবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। কোনও কোনও জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তৈরি হবে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি। তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে জলীয়বাষ্পের কারণে অস্বস্তি বাড়তে পারে।

উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে।

কলকাতায় রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে আকাশ আরও মেঘলা হতে পারে। দু-এক পশলা হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।

শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯৬ শতাংশ।


Share