Moonsoon Update

ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করল বর্ষা, দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

রাজ্যে বর্ষার অগ্রগতির সঙ্গে সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইলেও গরম ও অস্বস্তি কিছুটা কমতে পারে কিন্তু তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ০১:০০

রাজ্যে এ বার সক্রিয় হচ্ছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নির্ধারিত সময়ের প্রায় তিন দিন পরে অবশেষে ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী দু-তিন দিনের মধ্যে গোয়া, অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্রের আরও কিছু অংশে বর্ষা প্রভাব বিস্তার করবে। একই সময়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও দক্ষিন-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি লক্ষ করা যাবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এর প্রভাবে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

শুক্রবার উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এই সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির দাপট বাড়তে পারে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্য দিকে, দক্ষিণবঙ্গে শুক্রবার ও রবিবার ঝড়-বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবু তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। গরম ও অস্বস্তিকর আবহাওয়া মোটামুটি বজায় থাকবে।

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়ার অবনতি হতে পারে। মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর পরিস্থিতির উপর নজর রাখছে। প্রয়োজনে নতুন সতর্কতা জারি করা হতে পারে বলে জানিয়েছেন তাঁরা।


Share