Weather Update

রাজ্যের দুয়ারে বর্ষা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস

রাজ্যের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অন্য দিকে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বজায় থাকলেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১১:৪৩

রাজ্যে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। রায়গঞ্জে পৌঁছে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। মালদহ বাদে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এখন বর্ষার বাতাস সক্রিয়। ভারতের মৌসম ভবনের বিজ্ঞানীদের অনুমান, আগামী দু'দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডের বাকি অংশেও মৌসুমী বায়ুর বিস্তার ঘটতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। আগামী সপ্তাহের শুরুতেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আবারও ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও বাতাসে উচ্চমাত্রার জলীয় বাষ্পের কারণে গরম ও অস্বস্তি কমার সম্ভাবনা কম। অধিকাংশ জেলাতেই আংশিক থেকে প্রধানত মেঘলা আকাশ থাকবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। এই জেলাগুলিতে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

কলকাতাতেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে এখনই স্বস্তি মিলবে না। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৫ শতাংশের মধ্যে ছিল। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড হয়েছে ১.৬ মিলিমিটার।


Share