Monsoon Update

অপেক্ষার অবসান- রাজ্যে বর্ষার আগমন , উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টি

কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। তবে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১০:৩০

রাজ্যে আনুষ্ঠানিকভাবে বর্ষার সূচনা হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে। এর জেরে উত্তরবঙ্গে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। অন্য দিকে দক্ষিণবঙ্গে চলছে প্রাক-বর্ষার ঝড়বৃষ্টির দাপট। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সিকিম-সহ উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের সমস্ত এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। এছাড়াও জলপাইগুড়ি জেলার অধিকাংশ অংশ এবং দার্জিলিং জেলার কিছু এলাকায় বর্ষার আগমন ঘটেছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে মৌসুমি বায়ু বাংলার আরও বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়বে। একই সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা ও বিহারের আরও কিছু এলাকাতেও বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে। তবে রবিবার থেকে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে।

দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় রয়েছে। নাজেহাল জনজীবন। তবে এরই মাঝে বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির কিছু এলাকায় কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হতে পারে। অন্য জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এসব জেলার কিছু অংশে কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এ দিকে কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। তবে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বুধ ও বৃহস্পতিবার শহরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে বলে পূর্বাভাস।


Share