Weather

ঘূর্ণিঝড়ের আশঙ্কা আপাতত নেই, আরও শক্তিশালী হচ্ছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার রাতের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে নিম্নচাপটি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৭

একদিকে উৎসবের প্রস্তুতি। অন্যদিকে ঝনকে ঝনকে বৃষ্টি। আপাতত ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। মঙ্গলবার রাতের মধ্যেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে হওয়া অফিস। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা-অন্ধ্র উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকালে নিম্নচাপটি ওড়িশার গোপালপুরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২০০ কিলোমিটার এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের পূর্বে প্রায় ২৯০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ছয় ঘণ্টায় মাত্র সেটি ১৮ কিলোমিটার এগিয়েছে। আগামী ১২ ঘণ্টায় বঙ্গোপসাগর ধরে আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে নিম্নচাপ এগোবে।

এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 বুধবার দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম ও পুরুলিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দুই মেদিনীপুর এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গেও এর প্রভাব পড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও।

নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল থাকতে পারে। তাই মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শও দিয়েছে হাওয়া অফিস।

ওড়িশাতেও দুর্যোগের আশঙ্কায় সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে খুরদা, গঞ্জাম, জগৎসিংহপুর ও গজপতি—ওড়িশার এই চার জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Share