Weather Update

কালীপুজোর পরেই বদলাবে আবহাওয়া! ফের কমবে তাপমাত্রা, সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভবনা বঙ্গে

আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকলেও সোমবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। বুধবার বৃষ্টির প্রভাব আরও বাড়ার সম্ভাবনা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ ১১:৩০

কালীপূজার আগেই শীতের আমেজ। নামছে পারদ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এর জেরে সকাল ও সন্ধ্যায় আবহাওয়া বেশ মনোরম থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভোর ও রাতের দিকে হালকা শীতের অনুভূতি মিলতে পারে। তবে তাপমাত্রা কমার পাশাপাশি সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কালীপুজো পর্যন্ত রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে সোমবার থেকেই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে অসমের উপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাব পড়েছে সংলগ্ন বাংলাদেশেও। এই দুইয়ের প্রভাবে সপ্তাহের শুরুতে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা আরও বাড়বে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার বৃষ্টির প্রভাব আরও বিস্তৃত হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহবিদদের মতে, ঘূর্ণাবর্তের প্রভাব কেটে গেলে তাপমাত্রা আরও নামতে পারে। ফলে শীতের আমেজও বাড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে।


Share