Weather Update

দক্ষিণবঙ্গে চলবে কালবৈশাখীর দাপট, ভারী বৃষ্টির সতর্কতা জারি পূর্ব বর্ধমানে

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের পর থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির সম্ভাবনা। বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১০:৪৪

দক্ষিণবঙ্গে সক্রিয় কালবৈশাখী। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পূর্ব বর্ধমান জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও ঝড়বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ঝড়ের দাপট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, ওড়িশার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এ ছাড়াও, উত্তরপ্রদেশ থেকে ওড়িশা এবং বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত দুটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই জোড়াফলার প্রভাবেই রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

এ দিকে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে বিশেষ সতর্কতা। বৃহস্পতি ও শুক্রবার পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।

অন্য দিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে দার্জিলিং, মালদা এবং দুই দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, রবিবারের পর থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির সম্ভাবনা। বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি।


Share