Weather Update

সকাল থেকে চলছে বৃষ্টি, দিনভর দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গে শনিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১১:৩৪

আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল আবহাওয়া দফতর। সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে। 

আবহাওয়াবিদদের মতে, পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে অবস্থান করছে। এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই রাজ্যে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। যদিও শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। এর জেরে তাপমাত্রা অনেকটাই কমবে। কলকাতার একাধিক জায়গায় জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বৃষ্টি কমলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। তবে শনিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

শনিবার ও রবিবার রাজ্যের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রপাত ও ঝড়-বৃষ্টির আশঙ্কা তুলনামূলক বেশি। এ ছাড়াও, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নিচু এলাকায় জল জমা। নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

শনিবার ও রবিবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

কলকাতায় আপাতত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার ও রবিবার শহরে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।


Share