Weather Update

সোমবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, নয় জেলায় সতর্কতা, রথের দিন ফের বাড়বে বৃষ্টির দাপট

দুই ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টি কিছুটা কমলেও রথযাত্রার দিন বৃহস্পতিবার ফের বৃষ্টির দাপট বাড়তে পারে।

কলকাতায় সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১১:৩০

সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুই ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা-সহ আরও সাত জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।আবহাওয়াবিদদের মতে, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে রথযাত্রার দিন অর্থাৎ বৃহস্পতিবার ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর-পূর্ব বিহারের উপর দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি শ্রীগঙ্গানগর থেকে বিহারের মুজাফফরপুর হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে সক্রিয় রয়েছে। এই আবহাওয়া পরিস্থিতির জেরেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্য দিকে রথযাত্রার দিন, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে সোমবার সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির কোনও সতর্কতা না থাকলেও শুক্রবার ফের কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। টানা বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি, কোথাও কোথাও নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া, নিচু এলাকা প্লাবিত হওয়া এবং কৃষিজমির ক্ষতির আশঙ্কা রয়েছে।

কলকাতায় সোমবার সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে, মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। শহরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। দিনের বিভিন্ন সময়ে এক বা একাধিক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও বৃহস্পতিবার ও শুক্রবার ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ থেকে ৯৮ শতাংশের মধ্যে রয়েছে।


Share