Weather Update

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি! ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, উপকূলের জেলাগুলিতে বইতে পারে ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৪

সকালের আকাশে ঝলমলে রোদ। জানান দিচ্ছে উৎসবের। তবে এই স্বস্তি দীর্ঘক্ষণ নয়। সোমবার বিকেলের পর থেকেই বদলাতে পারে আবহাওয়ার ছবি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে রাজ্যে বাড়তে পারে বৃষ্টির দাপট। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সেটি এগোচ্ছে। সোমবারই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবার তা অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের মৌসম ভবন।

এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বুধবার সকালে মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পৌঁছোতে পারে নিম্নচাপটি। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এর অভিমুখ। এর প্রভাবেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

কলকাতায় সোমবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষভাবে নজরে রয়েছে উপকূলবর্তী এলাকা। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলের অংশে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট থাকতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের অংশে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। যদিও সেদিনও দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কম। তবে মঙ্গলবার মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ির কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

এদিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কারণে মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। সোমবার মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে এবং ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপাতত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।


Share