Weather Update

সপ্তাহান্তে ফের নিম্নচাপের চোখরাঙানি, শনিবারও কলকাতা-সহ রাজ্যে ঝড়বৃষ্টি, বাড়ছে ভারী বৃষ্টির আশঙ্কা

শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যার প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে চলতে পারে ঝড়বৃষ্টি।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৯

বিশ্বকর্মা পুজোর দিনেও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টি হয়েছে। যদিও সব জেলার সর্বত্র বৃষ্টি হয়নি। শনিবারও আবহাওয়ার খুব একটা পরিবর্তন হচ্ছে না। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। এর মধ্যেই উত্তর আন্দামান সাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। যার প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি চলতে পারে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দেশের উপর মৌসুমি অক্ষরেখার অবস্থান এখন কিছুটা বিশৃঙ্খল। উত্তর তাইল্যান্ডের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে উত্তর আন্দামান সাগরের দিকে সরে আসছে। তার প্রভাবেই শনিবার সন্ধ্যার মধ্যে উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী তিন থেকে চার দিনে সেটি সাগরের উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পরে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্র উপকূলের কাছাকাছি পৌঁছোনোর সম্ভাবনা রয়েছে।

এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলতে পারে। শনিবার এবং রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে সব এলাকায় সমানভাবে বৃষ্টি হবে না। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে।

সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। যদিও পুরোপুরি বৃষ্টি থামবে না। আপাতত সতর্কতা জারি করার মতো পরিস্থিতি থাকবে না। এরপর বুধবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এই দুই জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও শনিবার আবহাওয়া সক্রিয় থাকবে। আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং জারি রয়েছে হলুদ সতর্কতা। তবে রবিবার থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। সেই সময় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি থাকবে না। যদিও আগামী বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Share