Weather Update

বর্ষার দাপট কমলেও কাটছে না অস্বস্তি, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে গুমোট পরিবেশ থেকে পুরোপুরি স্বস্তি মিলবে না।

শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ আগস্ট ২০২৬ ১০:২৩

বর্ষার দাপট কিছুটা কমেছে রাজ্যে। তবে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবারও ভ্যাপসা গরম ও গুমোট পরিবেশ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতায় এ দিন আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। ফলে বাইরে বেরোনোর সময় ছাতা সঙ্গে রাখার পরামর্শ থাকছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও দফায় দফায় বৃষ্টি হতে পারে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তবে তুলনামূলক ভাবে বেশি নজর উত্তরবঙ্গের দিকে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি পুরোপুরি কমবে না। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—প্রায় গোটা রাজ্যেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির সময় সাময়িক স্বস্তি মিললেও বৃষ্টি থামার পর ফের গুমোট পরিবেশ তৈরি হতে পারে। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও আর্দ্রতার কারণে গরম তুলনামূলক বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।


Share