Weather Update

পূজোয় কি সঙ্গে থাকছে রেনকোট, নাকি বর্ষা বিদায় নিয়ে মিলবে শরতের দেখা! কেমন থাকবে পুজোর আবহাওয়া?

পুজোর বেশিরভাগ দিনই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা, তবে ১৫ থেকে ১৭ অক্টোবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায়েরও অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৫:২৬

রাত পোহালেই মহালয়া। তারপরেই দুর্গাপূজা। ষষ্ঠী থেকে নবমী, ঠাকুর দেখার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অনেকে। তবে প্রশ্ন হল পুজোর আনন্দ মাটি করবে না তো বৃষ্টি? রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর জানাল হাওয়া অফিস। এ বছর সঙ্গে রাখতে হচ্ছে না ছাতা বা রেনকোট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর সময় পশ্চিমবঙ্গে বড়সড় আবহাওয়াজনিত দুর্যোগের আশঙ্কা নেই। রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ারও কোনও উল্লেখযোগ্য ইঙ্গিত নেই। তবে পুজোর মাঝের কয়েকটি দিনে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

 দক্ষিণবঙ্গে কেমন থাকবে পুজোর আবহাওয়া?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মহালয়ার দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে স্থানীয়ভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 

১৪ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে ১৫ থেকে ১৭ অক্টোবর আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই সময় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, ওই সময় পূর্বালি বাতাসের প্রভাবে উপকূলবর্তী এলাকায় জলীয় বাষ্পের প্রবেশ বাড়তে পারে। তার জেরেই বিক্ষিপ্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

১৮ ও ১৯ অক্টোবর দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। যদিও স্থানীয়ভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এরপর ২০ থেকে ২২ অক্টোবর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গেও স্বস্তির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও পুজোর বেশিরভাগ দিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। মহালয়ার দিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ১১ থেকে ১৫ অক্টোবর উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। ১৬ ও ১৭ অক্টোবর স্থানীয়ভাবে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় বৃষ্টি কতটা?

পুজোর সময় কলকাতার আবহাওয়া আবহাওয়া দপ্তরের তরফে জানান হয়েছে, মহালয়ার দিন শহরের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য খুব হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

১১ থেকে ১৩ অক্টোবর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এই তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। 

১৪ অক্টোবর আংশিক মেঘলা আকাশের পাশাপাশি শহরের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। ওই দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

১৫ থেকে ১৭ অক্টোবর কলকাতার আকাশ তুলনামূলকভাবে বেশি মেঘলা থাকার সম্ভাবনা। এই সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার পূর্বাভাস রয়েছে।

১৮ ও ১৯ অক্টোবর শহরের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। ২০ থেকে ২২ অক্টোবর আংশিক মেঘলা আকাশের পাশাপাশি মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। এই সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন থেকে চার দিনের মধ্যে পূর্ব ভারত, উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ, দুর্গাপুজোর আগেই রাজ্য থেকে বর্ষার বিদায়পর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর দিনগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার যে পূর্বাভাস মিলেছে

নিম্নচাপ তৈরি হলেও বাংলায় কি প্রভাব পড়বে?

পুজোর আগে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সেই প্রসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, থাইল্যান্ড উপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সেটি ১১ অক্টোবর নাগাদ আন্দামান সাগরে পৌঁছোতে পারে। এরপর ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী সময়ে নিম্নচাপটি কিছুটা শক্তিশালী হয়ে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে এই সম্ভাব্য নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য প্রভাব পড়ার ইঙ্গিত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে পুজোর দিনগুলিতে রাজ্যে বড়সড় দুর্যোগের আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে না।

সব মিলিয়ে আবহাওয়া দফতরের বর্তমান পূর্বাভাস অনুযায়ী, পুজোর বেশিরভাগ দিনেই রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। অর্থাৎ, পুজোর আনন্দে একটানা বৃষ্টি বাধা হয়ে দাঁড়ানোর আশঙ্কা আপাতত কম। তবে আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় পরবর্তী পূর্বাভাসের উপরেও নজর রাখা জরুরি।


Share