Weather Update

শক্তি হারাল ঘূর্ণিঝড় ‘আকভান’, আজও তিন জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বৃষ্টি শেষে ফিরছে শীতের আমেজ?

শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’; তবে এর জেরে আজ শনিবার মুর্শিদাবাদ, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ দুই বঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ১২:০২

ল্যান্ডফলের পর ক্রমশ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার রাতের মধ্যেই ঘূর্ণিঝড়টি মধ্য ওড়িশায় সুস্পষ্ট নিম্নচাপে রূপ নিয়েছে। আজ অর্থাৎ শনিবারের মধ্যেই তা আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। তবে এর প্রভাবে আজও রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের তিনটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ জেলার এক-দুই জায়গায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এ ছাড়া মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের এক-দুই জায়গায় বজ্রপাত এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।

কলকাতার ক্ষেত্রে শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং দুপুর পর্যন্ত কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বেলার দিকে বৃষ্টির দাপট কমে আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৬ থেকে ৯৮ শতাংশের মধ্যে থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ শনিবার থেকেই রাজ্যের কিছু জেলায় এবং রবিবার থেকে বাকি জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি শুরু হবে। রবি ও সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। 

তবে মঙ্গলবার থেকে গোটা রাজ্যেই পুরোপুরি শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশ ভালোভাবেই অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


Share