Weather Update

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, রবিবার রাত থেকে টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও বাড়বে বর্ষার তীব্রতা

রবিবার রাত থেকে গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে চলছে টানা বৃষ্টি। সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে, সোমবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ১০:৫১

রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওডিশার বালাসোর উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি উত্তর ওডিশা ও দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি ধীরে ধীরে সরে যাওয়ায় মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। তবে সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। অন্য দিকে, সোমবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার ও শুক্রবার সেখানে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

গভীর নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল রয়েছে। সেই কারণে পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার, ৭ জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গে সোমবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে সপ্তাহের বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট তুলনামূলক বেশি হতে পারে। সপ্তাহের শেষে, বিশেষ করে শুক্রবার ও শনিবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।

উত্তরবঙ্গে সোমবার দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু এলাকায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বহাল থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

এ দিকে কলকাতায় সোমবার আকাশ মূলত মেঘলা থাকবে। পরে আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা আগের দিনের তুলনায় কিছুটা কমতে পারে। তবে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে। শুক্রবার থেকে ফের কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকতে পারে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ থেকে ৯৭ শতাংশের মধ্যে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মোট ৩৩.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


Share