Weather Update

শুক্রবার থেকে আবহাওয়ায় বদল, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

১০ থেকে ১৩ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মরশুমের প্রথম শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয়ের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৬ ১১:৩৫

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ থেকে ১৩ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মরশুমের প্রথম শক্তিশালী মৌসুমি বায়ুজনিত বৃষ্টি বলয়ের প্রভাব দেখা যেতে পারে। এর জেরে একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের উপর তৈরি হওয়া একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার যৌথ প্রভাবে এই বৃষ্টি বলয় সক্রিয় হচ্ছে। এর ফলে স্বল্প সময়ের মধ্যেই কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি নামতে পারে। পাশাপাশি ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়া ও প্রবল বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

এই পরিস্থিতিতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মোট বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১৫০ মিলিমিটারের কাছাকাছি পৌঁছোতে পারে।

অন্য দিকে, উত্তরবঙ্গেও বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ারও সম্ভাবনা রয়েছে।

দুই দিনাজপুর জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। সেই সময়ের জন্য বিস্তীর্ণ এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


Share