Weather Update

দক্ষিণবঙ্গে শুক্রবার ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা, উপকূলে জারি সতর্কতা

দক্ষিণবঙ্গে আজও কালবৈশাখীর দাপটের আশঙ্কা। অন্য দিকে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১০:৫৩

দক্ষিণবঙ্গে আজও কালবৈশাখীর ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সকালে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টির জেরে গরম থেকে স্বস্তি মিলবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখাও আবহাওয়ার পরিবর্তনে প্রভাব ফেলছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর ছাড়িয়ে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের কিছু অংশে পৌঁছে গিয়েছে। যদিও এখনও কেরলে বর্ষা প্রবেশের আগাম পূর্বাভাস দেয়নি মৌসম ভবন।

আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের তীব্র বৃষ্টিও হতে পারে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আগামীকালও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে তার তীব্রতা কিছুটা কমবে। তবে জুন মাসের প্রথম সপ্তাহে ফের বাড়তে পারে দাবদাহ।

উত্তরবঙ্গেও আজ কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মালদা এবং দুই দিনাজপুর জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। সঙ্গে হতে পারে স্বল্প সময়ের ভারী বৃষ্টি। তবে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

এদিকে উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।


Share