Weather Update

ভাইফোঁটার আগে আবহাওয়ায় বদল! বৃষ্টি ভোগাতে পারে উৎসবের আনন্দ? কবে ফিরবে শীতের আমেজ ?

মঙ্গলবার ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ-পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার এই পরিবর্তন। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১১:০৮

ভাইফোঁটার আগে আবহাওয়ার ভোল বদল? আবহাওয়ার মেজাজ নিয়ে কিছুটা চিন্তা বাড়ছে। বুধবার ভাইফোঁটা। তার আগের দিন মঙ্গলবার এবং ভাইফোঁটার দিন বুধবার, দু'দিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে উৎসবের দিন বৃষ্টির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা। তবে বৃহস্পতিবার থেকেই ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। আবহাওয়ার উন্নতি হবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে।

উত্তরবঙ্গেও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বইতে পারে দমকা হাওয়া। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের তিন জেলাতেও দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে গিয়ে শুষ্ক আবহাওয়া ফিরে আসবে। পরবর্তী কয়েক দিনে তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

এদিকে কলকাতায় মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা সামান্য। আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আরও মেঘলা হতে পারে। মেঘের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কম থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কুয়াশার প্রবণতা বাড়তে পারে। সপ্তাহান্তে ফের নামতে পারে তাপমাত্রার পারদ। ফলে সপ্তাহের শেষ দিকে মনোরম আবহাওয়া ফেরার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৫ শতাংশ।


Share