Weather Update

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কা! বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে ফিরবে শীতের আমেজ

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা। তার জেরে বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। ফলে সকাল-সন্ধ্যায় ফিরবে শীতের আমেজ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ১১:৩৪

কালীপুজো ও ভাইফোঁটার উৎসবের রেশ কাটতে না কাটতেই ফের আবহাওয়ার ভোলবদল। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির এই স্পেল চলার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহান্তে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হবে। কমবে তাপমাত্রা। ফলে সকাল ও সন্ধ্যায় ফিরতে পারে শীতের আমেজ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নতুন করে একটি নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। বর্তমানে গাল্ফ অফ মানারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেটি ক্রমশ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে শক্তি বাড়াতে পারে। আগামী ১৩ নভেম্বর নাগাদ নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটি আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশের উপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। সেটি ওড়িশা, ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে।

বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। তবে বৃহস্পতিবার থেকেই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করবে। কমবে বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস।

অন্যদিকে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী দু'-তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় শীতের হালকা আমেজ অনুভূত হবে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও আবহাওয়া মনোরম থাকার সম্ভাবনা।

উত্তরবঙ্গেও বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণের তিন জেলায় দু'-একটি জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী কয়েক দিনে সেখানেও তাপমাত্রা কমতে পারে।

এদিকে, কলকাতার আকাশ বুধবার সকালে আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়তে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯৬ শতাংশ। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমার পাশাপাশি সকালের দিকে কুয়াশার দাপট বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা কমলে কলকাতাতেও সকাল-সন্ধ্যায় মনোরম আবহাওয়ার পরিবেশ তৈরি হবে।


Share