Weather Update

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! আজ থেকে কমবে বৃষ্টি, আগামী কয়েক দিনে ২-৪ ডিগ্রি নামবে পারদ, কবে ফিরবে শীতের আমেজ?

রাজ্যে কমছে বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েক দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে ফিরবে শীতের আমেজ। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ ঘিরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ১০:১৩

কালীপুজো ও ভাইফোঁটা কেটে গিয়েছে। উৎসব শেষে কি এবার ফিরবে শীতের আমেজ? ধীরে ধীরে আবহাওয়ার মেজাজ বদলাচ্ছে। রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা কমছে। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস। পাশাপাশি আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পারদ। ফলে পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ অনুভূত হবে। কলকাতা-সহ সংলগ্ন এলাকাতেও আগামী কয়েক দিন মনোরম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

তবে আবহাওয়ার এই স্বস্তির মধ্যেই নতুন করে নজর কাড়ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সেটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। উইকেন্ডে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বলেও আশঙ্কা। ভারতের মৌসম ভবন শক্তিশালী নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে, বিভিন্ন আবহাওয়া মডেলে এই সিস্টেমের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও উঠে এসেছে। শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘আকভান’। নামটি দিয়েছে ইরান। যদিও ঘূর্ণিঝড়ের আশঙ্কা এখনও নিশ্চিত নয়।

বর্তমানে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি সিকিম, অসম এবং উত্তরপ্রদেশেও রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। সেটি ওড়িশা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে।

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট কমার পূর্বাভাস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকার সম্ভাবনা। আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় শীতের হালকা আমেজ মিলবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মনোরম আবহাওয়া থাকবে।

উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা কম। আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস। উইকেন্ডের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। সেখানেও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

এদিকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে। বৃহস্পতিবার থেকেই শহরে শুষ্ক আবহাওয়ার শুরু। সকালের দিকে কুয়াশার দাপট বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা আরও কিছুটা নামার সম্ভাবনা। ফলে সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া উপভোগ করতে পারবেন শহরবাসী।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৭.২ মিলিমিটার।


Share