Weather Update

নিম্নচাপ দুর্বল হলেও এখনই মিলবে না স্বস্তি, শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বর্ষণ অব্যাহত

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপ দুর্বল হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১০:৫৭

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করেছে। তবে পশ্চিমবঙ্গে বৃষ্টির পর্ব এখনও শেষ হচ্ছে না। শুক্রবার সকাল থেকেই কলকাতা ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় আকাশ মেঘলা ছিল। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বৃষ্টির তীব্রতা আগের তুলনায় কমলেও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও দাপট কিছুটা কমতে পারে। অন্য দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।

আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাব বর্তমানে অনেকটাই দুর্বল হয়েছে। তবে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির অনুকূল পরিস্থিতি এখনও বজায় রয়েছে।

শুক্রবার সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় মোট ৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমতে পারে। তবে আগামী মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সেদিন বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।


Share