Weather Update

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির বিরতি, মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিমবঙ্গ ছেড়ে ছত্রিশগড়ে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কমেছে। তবে মঙ্গলবার থেকে ফের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ১১:০২

কয়েকদিনের টানা বর্ষণের পর দক্ষিণবঙ্গে আপাতত কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিমবঙ্গ ছেড়ে ছত্রিশগড়ের দিকে সরে গেছে তাই তার প্রত্যক্ষ প্রভাব আর রাজ্যে নেই। তবে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে ছত্রিশগড়ের নিম্নচাপের উপর দিয়ে পুরি হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। তবে রবিবার ও সোমবার থেকে ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়তে পারে। মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শনিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি, রবিবার ও সোমবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতাতেও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সোমবার থেকে কলকাতায়ও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।

এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে। গত ২৪ ঘণ্টায় শহরে ৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


Share