Para Asian Game Champion

৩ বারের এশিয়ান প্যারা গেমস সোনাজয়ী নীরজ যাদবের মৃত্যু, ৪২ বছরেই শেষ চ্যাম্পিয়নের জীবন

এশিয়ান প্যারা গেমসে তিনটি স্বর্ণপদকজয়ী নীরজ যাদবের ৪২ বছর বয়সে মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পরিবার ও অনুরাগীরা।

নীরজ যাদব।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ০৩:১৫

ভারতের প্যারা অ্যাথলেটিক্স জগতে শোকের ছায়া। মাত্র ৪২ বছর বয়সে মৃত্যু হল এশিয়ান প্যারা গেমসে তিনটি স্বর্ণপদকজয়ী অ্যাথলেট নীরজ যাদবের। PTI-এর রিপোর্ট অনুযায়ী, নিজের বাড়িতে বিষপান করার পর তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বুধবার দিল্লির একটি হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।

ভারতীয় প্যারা অ্যাথলেটিক্স দলের প্রধান কোচ এস. সত্যনারায়ণ নীরজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে খবর পেয়েছেন তিনি। নীরজের দেহ এখনও হাসপাতালেই রয়েছে। ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে তিনি জানান, একজন খেলোয়াড়ের জীবনে সাফল্য ও ব্যর্থতা, দু’টিকেই ভারসাম্য রেখে মোকাবিলা করা জরুরি। তবে নীরজের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে অনুমান করতে চাননি তিনি।

রিপোর্ট অনুযায়ী, চলতি মাসে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে অংশ নিতে পারেননি নীরজ। ডোপিং-সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়তে হয় তাঁকে। এরপর থেকে তিনি মানসিক চাপে ভুগছিলেন বলে জানা গিয়েছে। যদিও নিষেধাজ্ঞা বা মানসিক চাপের সঙ্গে তাঁর মৃত্যুর সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
 


Share