Sports

নাগোয়ায় ভারতের সোনার ঝলক! শুটিংয়ে সুরুচি-কমলজিতের জোড়া রেকর্ড, কবাডি-স্কোয়াশ-হকিতেও সাফল্যের ঢেউ

৪৮৪.৬ পয়েন্ট স্কোর করে ভারতীয় জুটি সোনা নিশ্চিত করেন। দক্ষিণ কোরিয়ার জুটি থামে ৪৭৮.০ পয়েন্টে। ইরান ৪১৫.৮ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতে।

(বাঁ দিকে) কমলজিৎ এবং সুরুচি সিংহ (ডান দিকে)।
নিজস্ব সংবাদদাতা, নাগোয়া
  • শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৪

নাগোয়া এশিয়ান গেমসে ভারতের সোনার দৌড়ে যোগ হল আরও একটি পদক। শুক্রবার শুটিংয়ের মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন সুরুচি সিংহ ও কমলজিৎ। শুধু সোনা জেতাই নয়, এশিয়ান গেমসের নতুন রেকর্ডও গড়েছেন ভারতীয় জুটি। ফাইনালে শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার সুহিয়ন হং ও গেউন চু জুটির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল সুরুচি-কমলজিতের। তবে শেষ দিকে তাঁরা ব্যবধান বাড়িয়ে দেন। ৪৮৪.৬ পয়েন্ট স্কোর করে ভারতীয় জুটি সোনা নিশ্চিত করেন। দক্ষিণ কোরিয়ার জুটি থামে ৪৭৮.০ পয়েন্টে। ইরান ৪১৫.৮ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতে।

যোগ্যতা অর্জন পর্বেও নজর কেড়েছিলেন সুরুচি-কমলজিৎ। ৫৮৭ পয়েন্ট স্কোর করে প্রথম জুটি হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তাঁরা। ফাইনালে ৩.৮ পয়েন্টের জন্য বিশ্বরেকর্ড স্পর্শ করা হয়নি। ফলে এশিয়ান গেমসে তাঁদের পারফরম্যান্সে জোড়া সাফল্য এল—সোনা এবং নতুন গেমস রেকর্ড। শুটিংয়ে এ দিন ভারতের ঝুলিতে আরও একটি রুপো এসেছে। পুরুষদের দলগত ৫০ মিটার রাইফেল ফ্রি পজিশনে দ্বিতীয় স্থানে শেষ করেছে ভারতীয় দল।

অন্য দিকে, ভারত মেয়েদের কবাডিতেও ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। সেমিফাইনালে নেপালকে হারিয়ে ভারতীয় দল ফাইনালে উঠেছে। ফলে এই ইভেন্ট থেকে অন্তত রুপো নিশ্চিত হয়েছে। নাগোয়া এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট দল থেকে এ বার ভারতের প্রথম সোনা এসেছিল। শুক্রবার শুটিংয়ে দ্বিতীয় সোনা এনে সেই পদকসংখ্যা আরও বাড়ালেন সুরুচি ও কমলজিৎ।

মিক্সড টিম ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের আগে ভারতের শুটিং সংস্থার কর্তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে বালাকৃষ্ণ উচাগানভের সুরুচি সিংহের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল। তবে সাম্প্রতিক ফর্ম বিচার করে শেষ মুহূর্তে বালাকৃষ্ণকে সরিয়ে তাঁর জায়গায় কমলজিৎকে নামানোর সিদ্ধান্ত নেন কোচ ও কর্তারা।

ব্যক্তিগত ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে বালাকৃষ্ণ ৫৬৮ পয়েন্ট স্কোর করে ৩৫তম স্থানে শেষ করেছিলেন। এরপরই মিক্সড টিম ইভেন্টের দল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, যোগ্যতা অর্জন পর্বেই তার প্রমাণ দেন সুরুচি-কমলজিৎ। ২৯টি শটে ১০ পয়েন্টের বৃত্তে আঘাত করে তাঁরা ফাইনালে ওঠেন। কমলজিৎ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জায়গা করে নিলেও ব্যর্থ হন সুরুচি। যোগ্যতা অর্জন পর্বে ২৬তম স্থানে শেষ করে তিনি ব্যক্তিগত ইভেন্ট থেকে ছিটকে যান। কিন্তু কর্তারা তাতেও তাঁর উপর আস্থা হারাননি। মিক্সড টিম ইভেন্টে সোনা জিতে সুরুচি সেই আস্থার মর্যাদা দিলেন। তাঁর সঙ্গে কমলজিতের জুটিও গড়ল এশিয়ান গেমসের নতুন রেকর্ড।

এ দিন পুরুষদের দলগত ৫০ মিটার রাইফেল ফ্রি পজিশনেও রুপো জিতেছে ভারত। ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, নীর0জ কুমার ও রুদ্রাংশ পটেলের দল মোট ১৭৬২ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় হয়েছে। ভারতীয় শুটাররা ৯৪টি শটে ১০ পয়েন্ট পেয়েছেন। এক হাজার ৭৬৬ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে চিন। তাদের ১০ পয়েন্ট এসেছে ৯৫টি শট থেকে। দক্ষিণ কোরিয়া ১৭৫১ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছে। তাদের ১০ পয়েন্ট এসেছে ৮৭টি শট থেকে।

শুটিংয়ের পাশাপাশি ভারত মেয়েদের কবাডিতেও সোনার লড়াইয়ে রয়েছে। শুক্রবার সেমিফাইনালে নেপালকে ৪৮-২৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতীয় দল। ফলে অন্তত রুপো নিশ্চিত হয়েছে। অভয় সিংহ স্কোয়াশেও পদক নিশ্চিত করেছেন। তিনি পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে জাপানের প্রতিপক্ষকে ১১-৪, ১১-৩, ১১-৬ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। এর ফলে অভয়ের অন্তত ব্রোঞ্জ নিশ্চিত।

অন্য দিকে, মহিলাদের হকিতেও জয় পেয়েছে ভারত। গ্রুপ পর্বের ম্যাচে আয়োজক জাপানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতের হয়ে গোল করেন লালরেমসিয়ামি, ইশিকা ও নবনীত কৌর। ৩৬ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। এরপর কিছুটা রক্ষণাত্মক হয়ে খেলে দল। সেই সুযোগে ৪৬ মিনিটে একটি গোল শোধ করে জাপান। তবে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ম্যাচ জিতে নেয় ভারত।


Share