IFA Shield

শেষ মুহূর্তের গোলেই বাজিমাত, ইস্টবেঙ্গলকে হারিয়ে IFA Shield মোহনবাগানের

ম্যাচের শুরুটা অবশ্য ছিল ইস্টবেঙ্গলের দাপটে। প্রথম ১০ মিনিটেই একাধিকবার মোহনবাগানের রক্ষণে চাপ তৈরি করে লাল-হলুদ। ৬ মিনিটে এডমন্ড লালরিন্দিকা বক্সে ঢুকে গোলের সুযোগ পেলেও তাঁর শট আটকে দেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ।

শিল্ড জিতল মোহনবাগান।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ১১:২৫

কলকাতা ডার্বির মঞ্চে ফের সবুজ-মেরুনের জয়। ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ সালের IFA Shield চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্ট। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হাইভোল্টেজ ফাইনালে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে সামির জেলজকোভিচের গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। এই জয়ের ফলে IFA Shield-এর ইতিহাসে মোহনবাগানের ট্রফি সংখ্যা বেড়ে হল ২২।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল ইস্টবেঙ্গলের দাপটে। প্রথম ১০ মিনিটেই একাধিকবার মোহনবাগানের রক্ষণে চাপ তৈরি করে লাল-হলুদ। ৬ মিনিটে এডমন্ড লালরিন্দিকা বক্সে ঢুকে গোলের সুযোগ পেলেও তাঁর শট আটকে দেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। ১২ মিনিটে ডান দিক দিয়ে উঠে বিপিন সিংয়ের বাঁ পায়ের শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে মোহনবাগান। ১৫ মিনিটে এরউইনের শট সহজেই ধরে ফেলেন ইস্টবেঙ্গল গোলরক্ষক ফুরবা লাচেনপা। ১৯ মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতে এবং ২৪ মিনিটে মেহতাব সিংয়ের হেড থেকেও গোলের সুযোগ তৈরি হয়। ৩৭ মিনিটে পরপর দু’টি দুর্দান্ত শট সামলে ইস্টবেঙ্গলকে বাঁচান লাচেনপা।

তবে ৪৫ মিনিটে আর রক্ষা হয়নি। সাহাল আবদুল সামাদের দুর্দান্ত চিপ থেকে বল পেয়ে বুক দিয়ে নামিয়ে ঠান্ডা মাথায় গোল করেন সামির জেলজকোভিচ। ১-০ এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ৫৮ মিনিটে সন্দীপ মান্ডি ও ড্রাজিচের সংঘর্ষ ঘিরে সাময়িক উত্তেজনাও তৈরি হয়। ৬৬ মিনিটে সাহালকে তুলে মনবীর সিংকে নামায় মোহনবাগান।

শেষদিকে লাল-হলুদ একের পর এক আক্রমণ চালালেও গোলের মুখ খুলতে পারেনি। ৮৭ মিনিটে দানি রামিরেজের ভাসানো বলে লুকাস জভোলিনস্কির হেডও জালে জড়ায়নি। অতিরিক্ত সাত মিনিটেও ৯০+৫ মিনিটে পরপর দু’টি কর্নার পেয়েও মোহনবাগানের রক্ষণ ভাঙতে পারেনি ইস্টবেঙ্গল।

শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে সবুজ-মেরুন শিবির। ১-০ জয়ে IFA Shield-এর ট্রফি ধরে রাখল মোহনবাগান।


Share