Leonel Messi

ফের কলকাতায় মেসি! শুধু সফর নয়, যুবভারতীতে প্রদর্শনী ম্যাচের জোর সম্ভাবনা, ভারত-বাংলাদেশ সফর নিয়ে চূড়ান্ত পর্যায়ে আলোচনা

তারপরই তাঁর সম্ভাব্য কলকাতা সফরের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে মেসির আগমনের বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।

ফের কলকাতায় আসতে পারেন লিওনেল মেসি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ০৫:৪৮

ফের কলকাতায় আসতে পারেন লিয়োনেল মেসি। তবে এ বার শুধু সৌজন্য সফর নয়, শহরের মাঠে খেলতেও দেখা যেতে পারে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগেই মেসির সম্ভাব্য ভারত সফর নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, ভারতের পাশাপাশি বাংলাদেশেও যাওয়ার পরিকল্পনা থাকতে পারে মেসির।

বিশ্বকাপ শেষ হওয়ার পরই লিওনেল মেসির সঙ্গে চুক্তি চূড়ান্ত হতে পারে। তারপরই তাঁর সম্ভাব্য কলকাতা সফরের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে মেসির আগমনের বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।

গতবারের সফর ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় বাংলার ফুটবলপ্রেমীদের অনেকেই মেসিকে কাছ থেকে দেখার সুযোগ পাননি। সেই আক্ষেপ মেটাতেই তাঁকে ফের কলকাতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।  সবকিছু পরিকল্পনামাফিক এগোলে, ২০১১ সালের প্রথম সফরের মতো এ বারও কলকাতায় একটি প্রদর্শনী ম্যাচ খেলতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তা হলে ফের একবার তিলোত্তমার ফুটবলপ্রেমীরা মাঠে বসে মেসির খেলা দেখার সুযোগ পেতে পারেন।

লিয়োনেল মেসির কলকাতা সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ইন্টার মায়ামির প্রাক্-মরসুম প্রস্তুতির অংশ হিসেবে ভারত ও বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে। সেই সফরেই দলের সঙ্গে ভারতে আসতে পারেন মেসি। তবে ইন্টার মায়ামির প্রাক্-মরসুম প্রস্তুতি কবে শুরু হবে, তা এখনও নির্ধারিত হয়নি। তাই মেসির ভারত ও বাংলাদেশ সফরের নির্দিষ্ট সূচিও এখনই জানানো সম্ভব নয়। এ দিকে, এই সফরের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে মেসির প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছেন। সূত্রের খবর, দু'পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। ফলে সব কিছু পরিকল্পনামাফিক এগোলে, ফের কলকাতায় মেসিকে দেখার সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছেন তাঁর অনুরাগীরা।

গত ডিসেম্বরে ভারত সফরে এসে কলকাতার পাশাপাশি হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিও ঘুরেছিলেন লিওনেল মেসি। পরে সূচি বদলে অনন্ত অম্বানীর আমন্ত্রণে বনতারাতেও যান তিনি। তবে অন্য কোনও শহরে কলকাতার মতো বিশৃঙ্খলার মুখে পড়তে হয়নি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তি নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে মেসির কাছে পৌঁছে যান বলে অভিযোগ ওঠে। মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার মধ্যে বিরক্ত মেসি নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ছেড়ে চলে যান। এর ফলে গ্যালারিতে উপস্থিত বহু দর্শক তাঁকে কাছ থেকে দেখার সুযোগ পাননি।

মেসি স্টেডিয়াম ছাড়ার পর ক্ষুব্ধ দর্শকদের একাংশ বিক্ষোভ দেখান এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। এরপর ওই ঘটনার জেরে অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয়। পরবর্তীকালে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে এই ঘটনাকেও অনেক রাজনৈতিক বিশ্লেষক উল্লেখ করেছেন।

কলকাতায় বিশৃঙ্খলার আবহ তৈরি হলেও দেশের অন্য শহরগুলিতে মেসির সফর নির্বিঘ্নেই সম্পন্ন হয়। সফরের বিভিন্ন মুহূর্ত উপভোগ করেন এলএম টেন। দিল্লির অনুষ্ঠানে তিনি ভবিষ্যতে আবারও ভারতে আসার ইচ্ছার কথাও জানান।


Share