Death of Kushal Das

প্রয়াত হলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সেক্রেটারি জেনারেল কুশল দাস, শোকের ছায়া ক্রীড়া জগতে

পরিবার সূত্রের খবর, শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ৬৫ বছর বয়সে তাঁর মৃত্যু হল। ভারতীয় ফুটবল মহলে দীর্ঘদিন কাজ করা প্রশাসক সাজি প্রভাকরণ সমাজ মাধ্যমে পোস্ট করে কুশল দাসের প্রয়াণের খবর নিশ্চিত করেছেন।

কুশল দাস
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১০:০০

নিভে গেল ক্রীড়া জগতের আরও এক নক্ষত্র। প্রয়াত হলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সেক্রেটারি জেনারেল কুশল দাস। দীর্ঘদিনের ক্রীড়া প্রশাসক মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া জগতে। তাঁর এই প্রয়াণে ভারতীয় ফুটবল প্রশাসনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

পরিবার সূত্রের খবর, শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ৬৫ বছর বয়সে তাঁর মৃত্যু হল। ভারতীয় ফুটবল মহলে দীর্ঘদিন কাজ করা প্রশাসক সাজি প্রভাকরণ সমাজ মাধ্যমে পোস্ট করে কুশল দাসের প্রয়াণের খবর নিশ্চিত করেছেন। তিনি লেখেন, “প্রাক্তন এআইএফএফ সাধারণ সম্পাদক কুশল দাস আজ সকালে দিল্লির একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।”

দীর্ঘ ১২ বছর ধরে এআইএফএফ-এর সাধারণ সম্পাদক হিসেবে কুশল দাস দায়িত্ব পালন করেছিলেন। ২০১০ সালে ফুটবল প্রশাসনে যোগ দেওয়ার আগে তিনি আইসিসি এবং আইএমজি-র ভারতীয় শাখায় চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে কাজ করেছিলেন। ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারতে আয়োজনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ২০২২ সালে তিনি প্রশাসনিক কাজ থেকে সরে দাঁড়ান।

উল্লেখ্য, কুশল দাসের সময়কালে ভারতের তরফ থেকে অনুূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করা হয়। সেখানে সর্বাধিক দর্শক উপস্থিতির রেকর্ড গড়েছিল। ভারতীয় ফুটবলের জন্য সেটি  একটি বড় মাইলফলক ছিল। এছাড়া তাঁর সময়েই ভারত ২০২২ সালে এএফসি মহিলা এশিয়ান কাপ আয়োজনের সুযোগ পায়। ২০১৭ সালেই ভারত অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন করে।

ভারতীয় ফুটবলের বাণিজ্যিক পরিসর সম্প্রসারণেও তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর উদ্যোগে ২০১০ সালে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড-কে এআইএফরফ-এর বাণিজ্যিক পার্টনার হিসেবে আনা হয়। এর হাত ধরে শুরু হয় আইএসএল। 


Share