Para Asian Games

প্যারা এশিয়াডের আগে বিতর্কে বড় সিদ্ধান্ত কেন্দ্রের! জয়প্রকাশ নটিয়ালকে সরিয়ে ১৬৬ জনের দল ঘোষণা ভারতের

জাপানে প্যারা এশিয়ান গেমসের আগে বিতর্কে জাতীয় শুটিং কোচ জয়প্রকাশ নটিয়ালকে সরাল কেন্দ্র। ১০টি খেলায় ১৬৬ জন অ্যাথলিট নিয়ে পদক জয়ের লক্ষ্যে নামছে ভারতীয় দল।

প‍্যারা-এশিয়াডে দল ঘোষণা করল ভারত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ০৫:৫৮

জাপানে প্যারা এশিয়ান গেমস শুরুর আগে ভারতীয় ক্রীড়ামহলে তীব্র বিতর্ক। দল নির্বাচনে পক্ষপাতিত্ব এবং খেলোয়াড়দের কাছে আর্থিক ঘুষ চাওয়ার অভিযোগের মুখে জাতীয় প্যারা-শুটিং কোচ জয়প্রকাশ নটিয়ালকে দায়িত্ব থেকে সরিয়ে দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। তাঁর পরিবর্তে ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ জাতীয় কোচ জীবন এল রাইকে। বিতর্কের আবহেই আসন্ন প্রতিযোগিতার জন্য ১৬৬ জন প্যারা-অ্যাথলিটের চূড়ান্ত দল ঘোষণা করেছে মন্ত্রক।

কী অভিযোগ উঠেছিল কোচের বিরুদ্ধে?

দল নির্বাচনের তালিকা প্রকাশ্যে আসার পর থেকেই একাধিক প্যারা-শুটার নটিয়ালের বিরুদ্ধে সরব হন। অভিযোগ, সরকারি নির্বাচনী নীতি উপেক্ষা করে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে খেলোয়াড় বাছাই করা হয়েছে। পাশাপাশি, দলে সুযোগ দেওয়ার নামে আর্থিক ঘুষ চাওয়ার অভিযোগও ওঠে। এর প্রতিবাদে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ শুটাররা। ভারতীয় দলের ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানেও বাধা দেওয়ার চেষ্টা হয়। পরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর কাছে লিখিত অভিযোগ জমা দেন তাঁরা। সেই অভিযোগের পরই নটিয়ালকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সাইক্লিং দল নির্বাচন নিয়েও তৈরি হয় অসন্তোষ। প্রথমে সাতজন সাইক্লিস্টের নাম প্রস্তাব করা হলেও নিয়ম মেনে তাঁদের মধ্যে মাত্র একজনকে অনুমোদন দেওয়া হয়েছে। নির্বাচনী মানদণ্ড পূরণ করায় সুযোগ পেয়েছেন প্যারালিম্পিয়ান আরশাদ শেখ।

১০ খেলায় লড়বেন ১৬৬ জন অ্যাথলিট

১৮ অক্টোবর থেকে জাপানের আইচি-নাগোয়ায় শুরু হবে প্যারা এশিয়ান গেমস। ভারতের মোট কন্টিনজেন্টে রয়েছেন ১৬৬ জন ক্রীড়াবিদ, ৯৪ জন কোচ ও সাপোর্ট স্টাফ এবং ১৫ জন কর্মকর্তা। সব মিলিয়ে সদস্যসংখ্যা ২৭৫। অ্যাথলেটিক্সে রয়েছেন ৬২ জন প্রতিযোগী। তাঁদের মধ্যে রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকজয়ী দৃষ্টিহীন স্প্রিন্টার সিমরান। নতুন গাইড শিবমকে সঙ্গে নিয়ে নামবেন তিনি।

প্যারা-ব্যাডমিন্টনে ২৮ সদস্যের দলে রয়েছেন প্রমোদ ভগত ও সুহাস যতীরাজ। আর্চারিতে নজর থাকবে শীতল দেবী ও পায়েল নাগের দিকে। শুটিংয়ে পদকের আশায় থাকবেন অবনী লেখরা ও মোনা আগরওয়াল। টেবিল টেনিসে ভারতের ভরসা ভাবিনা প্যাটেল। প্রশাসনিক বিতর্কের মধ্যেও জাপানে পদক জয়ের লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল।


Share