Kolkata Derby

আজ যুবভারতীতে মহারণ, IFA শিল্ডের ফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল

আজ সন্ধ্যায় যুবভারতীতে IFA শিল্ডের ফাইনালে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ডুরান্ড ফাইনালের হারের বদলা নেওয়ার লক্ষ্যে নামবে সবুজ-মেরুন, আর ম্যাচ ঘিরে তুঙ্গে উত্তেজনা।

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ১২:১৯

ফের কলকাতা ডার্বির উত্তেজনায় ফুটবলপ্রেমীরা। আজ সন্ধ্যায় IFA শিল্ডের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসি। মরশুমের অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উত্তেজনা। ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারের পর আজ বদলা নেওয়ার সুযোগ রয়েছে মোহনবাগানের সামনে।

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হবে IFA শিল্ডের ফাইনাল। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের নিষ্পত্তি না হলে নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় খেলা হবে। তাতেও জয়ী নির্ধারিত না হলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে চ্যাম্পিয়ন ঠিক হবে।

IFA শিল্ডের ইতিহাসেও দুই দলের দাপট স্পষ্ট। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ২৯ বার এই ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, মোহনবাগানের ঝুলিতে রয়েছে ২১টি IFA শিল্ড।

IFA শিল্ড ফাইনালের লাইভ স্ট্রিমিং হবে FanCode-এ। ফলে মোবাইল, ল্যাপটপ কিংবা অন্যান্য ডিভাইসের মাধ্যমে অনলাইনে সরাসরি ম্যাচ দেখা যাবে। বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে ম্যাচের লাইভ আপডেট।

IFA শিল্ড ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টগুলির অন্যতম। ডুরান্ড কাপের পর দেশের দ্বিতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হিসেবে পরিচিত এই প্রতিযোগিতা। ১৮৯৩ সালে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন গঠনের বছরই শুরু হয় IFA শিল্ড। ১৯১১ সালে ইংরেজ দলকে খালি পায়ে হারিয়ে শিল্ড জিতেছিল মোহনবাগান। ভারতীয় ফুটবলের ইতিহাসে সেই জয় আজও বিশেষ তাৎপর্য বহন করে এবং স্বাধীনতা সংগ্রামের প্রতীকী অধ্যায় হিসেবেও তা স্মরণ করা হয়।

ডার্বির আগে ব্যস্ত সূচি দুই দলের কাছেই চ্যালেঞ্জ। তবে মোহনবাগানের ক্ষেত্রে চাপ আরও বেশি। ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে পরপর দুটি প্রীতি ম্যাচ খেলার পর জাতীয় দল থেকে ফিরেছেন মনবীর সিংহ, সাহাল আবদুল সামাদ, আপুইয়া, অনিরুদ্ধ থাপা ও অভিষেক সিংহ। মাত্র ৭৮ ঘণ্টার ব্যবধানে দুটি হাই-ইনটেনসিটি ম্যাচ খেলার কারণে তাঁদের শারীরিক সতেজতার দিকে নজর রাখছে মোহনবাগান কোচ প্যানাজিওটিস ডিলম্পেরিসের কোচিং স্টাফ। কে কতক্ষণ খেলবেন, তা ম্যাচের আগে ফুটবলারদের শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করেই ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।


Share