Ajinkya Rahane

ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান! অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজজয়ী অধিনায়ক অজিঙ্ক রাহানের অবসর

বৃহস্পতিবার সকালে নিজের সমাজমাধ্যমে একটি আবেগঘন ভিডিয়ো পোস্ট করে তিনি সিদ্ধান্তের কথা জানান। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘২৭৮ নম্বর টেস্ট ক্যাপের যাত্রা শেষ। এত বছর ধরে ভালোবাসা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ।’

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজজয়ী অধিনায়ক অজিঙ্ক রাহানের অবসর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ১২:৪৮

এশিয়ার মাটিতে হোক কিংবা বিদেশের কঠিন সফরে, সংকটের মুহূর্তে বারবার ভারতীয় দলের ভরসার নাম ছিলেন অজিঙ্ক রাহানে। ২০২০-২১ সালে তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল ভারত। সেই অভিজ্ঞ ব্যাটার এ বার ক্রিকেটকে বিদায় জানালেন। ৩৮ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন রাহানে। বৃহস্পতিবার সকালে নিজের সমাজমাধ্যমে একটি আবেগঘন ভিডিয়ো পোস্ট করে তিনি সিদ্ধান্তের কথা জানান। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘২৭৮ নম্বর টেস্ট ক্যাপের যাত্রা শেষ। এত বছর ধরে ভালোবাসা ও সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ।’

২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অজিঙ্ক রাহানের। কয়েক দিনের মধ্যেই একদিনের আন্তর্জাতিক দলেও জায়গা করে নেন তিনি। তবে তাঁর কেরিয়ারের আসল মোড় ঘোরে ২০১৩ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে, যখন ভারতের টেস্ট দলে অভিষেক ঘটে। এরপর প্রায় এক দশক ধরে ভারতের টেস্ট ব্যাটিংয়ের অন্যতম নির্ভরযোগ্য স্তম্ভ হয়ে ওঠেন রাহানে। দেশের হয়ে ৮৫টি টেস্ট ম্যাচে তিনি সংগ্রহ করেছেন পাঁচ হাজার ৭৭ রান। তাঁর ঝুলিতে রয়েছে ১২টি শতরান এবং ২৬টি অর্ধশতরান।

সাদা বলের ক্রিকেটেও উল্লেখযোগ্য সাফল্য রয়েছে অজিঙ্ক রাহানের। ভারতের হয়ে ৯০টি একদিনের ম্যাচে তিনি করেছেন দু'হাজার ৯৬২ রান। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৭৫ রান। ২০০৭ সালে মুম্বইয়ের হয়ে পেশাদার ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল রাহানের। প্রায় দুই দশকের সেই দীর্ঘ ক্রিকেটজীবনের পর্দা নামল আজ।

বিরাট কোহলির অনুপস্থিতিতে একাধিকবার ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব সামলেছেন অজিঙ্ক রাহানে। তবে অধিনায়ক হিসেবে তাঁর সবচেয়ে স্মরণীয় সাফল্য আসে ২০২০-২১ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে। অ্যাডিলেড টেস্টে ভারতের মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পর ব্যক্তিগত কারণে দেশে ফিরে যান কোহলি। সেই কঠিন সময়ে দলের হাল ধরেন রাহানে। মেলবোর্নের বক্সিং ডে টেস্টে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত শতরান করে দলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান তিনি। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জিতে বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রাখে ভারত।

দীর্ঘ প্রায় নয় বছর ভারতের টেস্ট দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য ছিলেন অজিঙ্ক রাহানে। তবে ২০২১-২২ দক্ষিণ আফ্রিকা সফরে ধারাবাহিক ব্যর্থতার পর জাতীয় দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। এরপর ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রত্যাবর্তন করে ৮৯ ও ৪৬ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু সেই প্রত্যাবর্তন দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা টেস্ট ম্যাচটিই ভারতের জার্সিতে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকে। এরপর ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করলেও আর জাতীয় দলে ফেরার সুযোগ পাননি রাহানে।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে অবসরের ঘোষণা দিতে গিয়ে আবেগ সামলাতে পারেননি অজিঙ্ক রাহানে। বক্তব্য রাখতে গিয়ে একাধিকবার তাঁর গলা ধরে আসে, চোখও ভিজে ওঠে। নিজের দীর্ঘ ক্রিকেটজীবনের ইতি টানার মুহূর্তে রাহানে বলেন, ‘সব কিছুরই একটা শুরু আছে, আবার শেষও আছে। এটাই জীবনের বাস্তবতা। যখন সেই সময় আসে, তখন তাঁকে সম্মান জানিয়ে এগিয়ে যেতে হয়। ব্যাটিংয়ে আমি সব সময় টাইমিংয়ের উপর ভরসা করেছি এবং তার গুরুত্ব বুঝেছি। আজ আমার মনে হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট এবং সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণার এটাই সঠিক সময়। ক্যাপ নম্বর ২৭৮, বিদায়।’


Share