Aryaveer Sehwag Hits 160 Runs

বাবার মতোই বিধ্বংসী ব্যাটিং, তবে ধৈর্যে বাজিমাত! ছোটদের এশিয়া কাপে আমিরশাহির বিরুদ্ধে ১৬০ রানের দুরন্ত ইনিংস সহবাগ-পুত্রের

১৬৮ বলে ১৬০ রানের দুরন্ত ইনিংসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নতুন নজির গড়লেন বীরেন্দ্র সহবাগ-পুত্র আর্যবীর।

আর্যবীর সহবাগ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০৪:০৪

বাবা বীরেন্দ্র সহবাগের আগ্রাসী ব্যাটিংয়ের ছাপ যেন স্পষ্ট তাঁর ব্যাটিংয়ে। তবে ব্যাট হাতে ধৈর্যের পরীক্ষায় বাবাকেও যেন ছাপিয়ে গেলেন ছেলে আর্যবীর সহবাগ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত শতরান করে নজর কাড়লেন তিনি। ১৬৮ বলে ১৬০ রানের ঝকঝকে ইনিংস খেললেন ভারতীয় দলের এই তরুণ ওপেনার। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের সুবাদেই আমিরশাহির সামনে ৩১০ রানের লক্ষ্য রাখল ভারত।

এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভাল শুরু করেও বড় রান করতে পারেননি আর্যবীর। সেই ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে। ফলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আমিরশাহির বিরুদ্ধে ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই চাপের ম্যাচেই নিজের জাত চেনালেন সহবাগ-পুত্র।

আমিরশাহির বিরুদ্ধে শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখাচ্ছিল আর্যবীরকে। যদিও ব্যাটিংয়ের জন্য পিচ খুব একটা সহজ ছিল না। কখনও বল নিচু হয়ে আসছিল, আবার কখনও স্পিনারেরা বাড়তি সুবিধা পাচ্ছিলেন। তাই শুরুতে ঝুঁকি না নিয়ে উইকেটে সময় কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। ৬৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন আর্যবীর। পরিস্থিতি বুঝে ধীরে ধীরে ইনিংস সাজাতে থাকেন। মারার মতো বল পেলেই চালান আক্রমণ।

এর পর ১৩১ বলে শতরানের মাইলফলক স্পর্শ করেন তিনি। সেঞ্চুরির পরেও নিজের স্বাভাবিক ছন্দ ধরে রাখেন ভারতীয় ওপেনার। উদ্দিশ সুরির ৩৮তম ওভারে ২১ রান তুলে ম্যাচের গতি বদলে দেন। ৪২তম ওভারে ১৫০ রানের গণ্ডিও পেরিয়ে যান তিনি।

শেষ পর্যন্ত নাসিম খানের বলে আউট হওয়ার আগে ১৬৮ বলে ১৬০ রান করেন আর্যবীর। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার এবং সাতটি ছক্কা। চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এখনও পর্যন্ত কোনও ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রান এটি। বাবার মতোই চার-ছক্কার ঝড় তুললেও, উইকেটে টিকে থেকে বড় ইনিংস গড়ার যে ক্ষমতা তাঁর রয়েছে, এই ম্যাচে তা বুঝিয়ে দিলেন আর্যবীর।


Share