Mysterious Death

অদিতি-দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু, সুইসাইড নোট না মেলায় বাড়ছে রহস্য

শনিবার সকালে তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁকে নাগেরবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত সঞ্জয় দাস
নিজস্ব সংবাদদাতা, দমদম
  • শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১২:৫৩

দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁকে নাগেরবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর।

সঞ্জয় দাস দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের সিআইসি পদে ছিলেন। স্থানীয় এবং দলীয় সূত্রে জানা গিয়েছে, তিনি রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। পুরসভা ভোটে টিকিট পাওয়া থেকে শুরু করে পুর প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া পর্যন্ত দেবরাজের ভূমিকা ছিল বলে দাবি স্থানীয় সূত্রের। সমাজমাধ্যমেও নিয়মিত অদিতির হয়ে প্রচার চালাতেন সঞ্জয়।

স্থানীয়দের দাবি, গত কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ, সব দিক তদন্ত করে দেখছে পুলিশ।

এ দিকে, দক্ষিণ দমদম পুরসভাকে ঘিরে সম্প্রতি নিয়োগ দুর্নীতির তদন্তে সক্রিয় হয়েছে ইডি। কিছু দিন আগে গ্রেফতার হয়েছেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়কেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। স্থানীয় সূত্রে দাবি, সুজিত বসুর সঙ্গেও যোগাযোগ ছিল সঞ্জয়ের।

অন্য দিকে, নির্বাচনের আগে বিপুল পরিমাণ সম্পত্তি বেনামে হস্তান্তরের অভিযোগে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সি সম্প্রতি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। অভিযোগ, প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে সরানো হয়েছিল। আদালত মৌখিকভাবে জানিয়েছে, ১৯ জুন পর্যন্ত তাঁদের গ্রেফতার করা যাবে না। এই মামলায় তাঁদের হয়ে সওয়াল করেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তা নিয়েও রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। সেই আবহেই সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু নতুন করে দক্ষিণ দমদম পুরসভাকে ঘিরে জল্পনা বাড়িয়েছে। 


Share