BJP

তোলাবাজি থেকে হুমকির অভিযোগে কড়া ব‍্যবস্থা নিল দল, ২২ জন কর্মীকে সাসপেন্ড করল বিজেপি

দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেছিলেন, "তোলাবাজির সংস্কৃতি এত সহজে উঠে যাবে ভাবার কোনও কারণ নেই। পুলিশকেও পদক্ষেপ বলা হয়েছে। এ ধরনের অভিযোগ এলে গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। দল সব নজর রেখেছে। ভাববেন না এরকম হয়েই যাবে। ছ’মাস যেতে দিন, তারপরে দল সব হিসাব করবে।"

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে সাসপেন্ড ২২ জন বিজেপি কর্মী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ আগস্ট ২০২৬ ০৫:৫১

তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে ২২ জন কর্মীকে দল থেকে সাসপেন্ড করল বিজেপি। তোলাবাজির অভিযোগে আগেই কঠোর অবস্থানের কথা জানিয়েছিল দল। এ বার দল বিরোধী কাজের জন‍্য ২২ জনকে দল থেকে বহিষ্কার করে দিল বিজেপি। দলের শৃঙ্খলারক্ষা কমিটি প্রতাপ বন্দ্যোপাধ্যায় কর্মীদের সাসপেন্ড হওয়ার খবর জানিয়ে দিয়েছেন।

জানা গিয়েছে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দল বিরোধী কাজকর্মের জন্য দলের ২৫০ জনকে শো-কজ করা হয়। এঁদের মধ্যে ১০২ জনকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে দল। এই ৮০ জনের উত্তর গ্রহণযোগ্য হওয়ায় তাঁদের শোকজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য দিকে, ২২ জন কর্মী সদুত্তর দিতে পারেননি। ফলে তাঁদের বিজেপি সাসপেন্ড করেছে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে শৃঙ্খলারক্ষা কমিটি প্রতাপ বন্দ্যোপাধ্যায় প্রতিটি সাসপেন্ড হওয়া কর্মীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন।

পালাবদলের পরে তৃণমূল কংগ্রেসের বহু নেতা-কর্মীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে তোলাবাজির অভিযোগ উঠেছে। গ্রেফতারও করা হয়েছে। কিন্তু পাল্টা রাজ‍্যের বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে তোলাবাজি, চাঁদা চেয়ে হুমকির অভিযোগ উঠেছে। তা নিয়ে কড়া ভাষায় দলের অবস্থান স্পষ্ট করেছিলেন রাজ‍্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছিলেন, “বিচ্যুতি দু-এক জায়গায় আছে। কিন্তু কোনও বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে 'জিরো টলারেন্স'। আরও ১৫ দিন দেখছি আমরা। তারপর যেটা হবে বুঝতে পারবেন।"

একই সুরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেছিলেন, "তোলাবাজির সংস্কৃতি এত সহজে উঠে যাবে ভাবার কোনও কারণ নেই। পুলিশকেও পদক্ষেপ বলা হয়েছে। এ ধরনের অভিযোগ এলে গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। দল সব নজর রেখেছে। ভাববেন না এরকম হয়েই যাবে। ছ’মাস যেতে দিন, তারপরে দল সব হিসাব করবে।"


Share