Arrest TMC Leader

রাজনৈতিক পালাবদলের পরই থানায় একাধিক অভিযোগ, দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর কলকাতা থেকে গ্রেফতার তৃণমূলের আরামবাগ জেলা সভাপতি উত্তম

বর্তমানে তিনি তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বেও রয়েছেন। বুধবার কলকাতা থেকে হুগলি গ্রামীণ পুলিশ তাঁকে গ্রেফতার করে।

গ্রেফতার অভিযুক্ত।
নিজস্ব সংবাদদাতা, তারকেশ্বর
  • শেষ আপডেট: ২০ আগস্ট ২০২৬ ০৯:৫০

জমি লুট, নির্মীয়মাণ ফ্ল্যাট জবরদখল এবং টাকা হাতিয়ে নেওয়ার মতো একাধিক অভিযোগে তারকেশ্বরের প্রাক্তন পুরপ্রধান উত্তম কুন্ডুকে গ্রেফতার করল পুলিশ। বর্তমানে তিনি তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বেও রয়েছেন। বুধবার কলকাতা থেকে হুগলি গ্রামীণ পুলিশ তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁকে চন্দননগর আদালতে হাজির করানো হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই উত্তম পলাতক ছিলেন। বুধবার হুগলি গ্রামীণ পুলিশের একটি দল কলকাতায় গিয়ে তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে কলকাতার এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে নির্মীয়মাণ ফ্ল্যাট জোর করে দখল এবং জমি লুটের অভিযোগও রয়েছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত ২৫ জুন কলকাতার প্রোমোটার রাজেশ আগরওয়াল উত্তমের বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তারকেশ্বরের প্রাক্তন পুরপ্রধান পআত্মগোপনে ছিলেন।

উত্তম এক সময় তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলায় দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সভাপতি ছিলেন। সেই সময়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংগঠনের রাজ্য সভাপতি ছিলেন। ওই সময় থেকেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা যায়। পরে তৃণমূল দুই শিবিরে বিভক্ত হওয়ার পর ঋতব্রতের হাত ধরেই উত্তমকে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে ঋতব্রত রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।


Share