TMC

দিল্লিতে ভাঙল তৃণমূল! দুই-তৃতীয়াংশ সাংসদ নিয়ে আলাদা শিবির, মমতার হাতছাড়া হল প্রতীক

কাকলি জানিয়েছেন, প্রায় ২০ জন সাংসদের সমর্থন নিয়ে তাঁরা এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত স্পিকারকে জানিয়েছেন। তাঁর বক্তব্য, “আমরা জনতার রায় মেনে নিয়েছি। আমরা মনে করি ভবিষ্যতে এনডিএর সঙ্গেই আমাদের চলা উচিত।”

(বাঁ দিকে) কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায় (ডান দিকে)।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১১:০৪

বিধানসভার পর এ বার লোকসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও ভাঙন। দলের ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন বলে সূত্রের খবর। বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তাঁরা ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন।

সূত্রের দাবি, বিদ্রোহী সাংসদেরা আগামী দিনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সঙ্গে থাকার পক্ষেই মত দিয়েছেন। কাকলি জানিয়েছেন, প্রায় ২০ জন সাংসদের সমর্থন নিয়ে তাঁরা এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত স্পিকারকে জানিয়েছেন। তাঁর বক্তব্য, “আমরা জনতার রায় মেনে নিয়েছি। আমরা মনে করি ভবিষ্যতে এনডিএর সঙ্গেই আমাদের চলা উচিত।”

বর্তমান পরিস্থিতিতে বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে দলত্যাগ-বিরোধী আইনে ব্যবস্থা নেওয়া তৃণমূলের পক্ষে কঠিন। কারণ, লোকসভায় তৃণমূলের মোট ২৮ জন সাংসদের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি সদস্য বিদ্রোহী শিবিরে রয়েছেন বলে দাবি করা হচ্ছে।

উল্লেখ্য, এই ভাঙনের ঘটনা সামনে এল এমন এক সময়ে, যখন দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই তৃণমূলের সংসদীয় দলে এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

সংসদীয় দলের মুখ্যসচেতক হিসেবে স্পিকারকে চিঠি পাঠিয়েছেন কাকলি। যদিও দলীয় বৈঠকে তাঁর পরিবর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপ হিসেবে মনোনীত করা হয়েছিল। তবে সেই পরিবর্তনের আনুষ্ঠানিক তথ্য স্পিকারের দফতরে পৌঁছোয়নি বলেই দাবি বিদ্রোহী শিবিরের। কাকলির বক্তব্য, তিনি এখনও সংসদীয় দলের বৈধ চিফ হুইপ এবং অন্যান্য সাংসদদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ দিকে, স্পিকারকে চিঠি পাঠানোর আগে বিদ্রোহী সাংসদেরা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে বৈঠক করেন বলে সূত্রের খবর। সেখানে কাকলি ও শতাব্দী ছাড়াও একাধিক তৃণমূল সাংসদ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় দিল্লিতে শতাব্দীর বাসভবনেও তাঁদের আর একটি বৈঠক হয়। সূত্রের দাবি, সেই বৈঠকেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা হয়েছে।


Share    

TMC