ED

জমি দখল মামলায় দ্বিতীয়বার তৃণমূল বিধায়ককে সিজিও কমপ্লেক্সে তলব ইডির, জিজ্ঞাসাবাদের মুখোমুখি দেবাশিস কুমার

সূত্রের খবর, এই মামলায় ১৬ থেকে ১৭টি এফআইআর দায়ের হয়েছে, যার ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে। সেই তল্লাশির পর সোমবার প্রথমবার দেবাশিসকে ডাকা হয়। সেদিন ইডি দফতর থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘একটি মামলায় ডেকেছিল, এসেছি। ডাকলে আবার আসব।’’

তৃণমূলের প্রার্থী দেবাশীষ কুমার
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০১:৩৬

রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক দেবাশীষ কুমারকে জমি দখল সংক্রান্ত মামলায় ফের তলব করল ইডি। শুক্রবার বেলা সাড়ে ১১টার আগেই তিনি সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছে যান। এর আগে গত সোমবারও একই মামলায় হাজিরা দিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভোটের মুখে এই ধারাবাহিক তলব রাজ্যের শাসকদলের অস্বস্তি বাড়িয়েছে বলেই রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে। তবে দেবাশিসের দাবি, এর কোনও প্রভাব নির্বাচনে পড়বে না।

জমি দখলের অভিযোগ ঘিরে গত কয়েক দিন ধরেই সক্রিয় ইডি। শনিবার কলকাতা ও সংলগ্ন কয়েকটি এলাকায় একাধিক তল্লাশি চালানো হয়। একটি সংস্থার বিভিন্ন দফতরে অভিযান চালিয়ে তদন্তকারীরা নথি সংগ্রহ করেন। সূত্রের খবর, এই মামলায় ১৬ থেকে ১৭টি এফআইআর দায়ের হয়েছে, যার ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে। সেই তল্লাশির পর সোমবার প্রথমবার দেবাশিসকে ডাকা হয়। সেদিন ইডি দফতর থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘একটি মামলায় ডেকেছিল, এসেছি। ডাকলে আবার আসব।’’ শুক্রবার ফের হাজিরার কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, “গেলে বুঝতে পারব।” তিনি আরও জানান, আলাদা করে কোনও নথি সঙ্গে আনতে বলা হয়নি।

সোমবারের জিজ্ঞাসাবাদের পর বুধবার আবারও কলকাতা ও শহরতলির কয়েকটি এলাকায় অভিযান চালায় ইডি। দক্ষিণ কলকাতার কসবা এলাকায় ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতেও পৌঁছয় তদন্তকারী দল। বালিগঞ্জের গোলমালের ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। যদিও এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি। বিরোধীদের অভিযোগ, সোনা পাপ্পু দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি দেবাশিস কুমার এবং এক মেয়র পারিষদের ঘনিষ্ঠ। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব সেই দাবি খারিজ করেছে। ইডি সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি থেকে নগদ টাকা ও সোনা মিলিয়ে প্রায় ২ কোটি টাকার সম্পদ উদ্ধার হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক সম্পত্তির নথি, আগ্নেয়াস্ত্র এবং বিলাসবহুল গাড়ি।

আসন্ন বিধানসভা নির্বাচনে রাসবিহারী কেন্দ্র থেকে তৃণমূল দেবাশিস কুমারকে ফের প্রার্থী করেছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তাঁর বিরুদ্ধে প্রার্থী করেছে বিজেপি স্বপন দাসগুপ্তকে। ফল প্রকাশ হবে ৪ মে।


Share