TMC Leader Arrest

দেড় সপ্তাহের লুকোচুরি শেষে পুলিশের জালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, পুরী থেকে আটক করল বেঙ্গল এসটিএফ

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এই বিধায়ককে ওডিশার পুরী থেকে আটক করেছে বেঙ্গল এসটিএফ।

পুলিশের জালে দিলীপ মন্ডল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০১:১০

অবশেষে পুলিশের জালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এই বিধায়ককে ওডিশার পুরী থেকে আটক করেছে বেঙ্গল এসটিএফ। বুধবার তাকে কলকাতায় আনা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

একটি সভা থেকে বিজেপি কর্মী ও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই ঘটনায় বিষ্ণুপুর থানায় মামলা দায়ের হওয়ার পর থেকেই কার্যত আত্মগোপন করেছিলেন দিলীপ। দীর্ঘ দেড় সপ্তাহের খোঁজাখুঁজির পর অবশেষে পুরী থেকে তাঁকে গ্রেফতার করা হল।

রাজ্যে সরকার বদলের পর দিলীপ মণ্ডল কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন। মামলার দ্রুত শুনানির আর্জিও জানান তিনি। যদিও আদালত মামলা দায়েরের অনুমতি দিলেও জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয়।

এরই মধ্যে ১৪ মে পৈলানে দিলীপ মণ্ডলের বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বিশাল লন, সুইমিং পুল এবং বিভিন্ন ভাস্কর্যে সাজানো সেই প্রাসাদোপম বাড়ি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তবে পুলিশের তল্লাশির আগেই সেখান থেকে উধাও হয়ে যান তিনি।

পরে ১৮ মে বেআইনি অস্ত্র-সমেত গ্রেফতার হন তাঁর ছেলে অর্ঘ্য মণ্ডল। সেই সময়ও দিলীপের কোনও খোঁজ মেলেনি। অবশেষে ছেলের গ্রেফতারের ন'দিনের মাথায় পুলিশের হাতে ধরা পড়লেন তৃণমূল বিধায়ক।


Share