TMC Political Crisis

গৌতম দেবের ইস্তফার পরই শিলিগুড়ি পুরনিগমে প্রশাসক নিয়োগ, তৃণমূলের হাতছাড়া হল পুরবোর্ড

সোমবার সন্ধ্যায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর বিজ্ঞপ্তি জারি করে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক হিসেবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব আর বিমলাকে নিয়োগ করেছে।

শিলিগুড়ি পুরসভা।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১১:১০

শিলিগুড়ি পুরনিগমের ক্ষমতা শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হল। সোমবার সন্ধ্যায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর বিজ্ঞপ্তি জারি করে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক হিসেবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব আর বিমলাকে নিয়োগ করেছে।

আর বিমলা এর আগে শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মালদহ, কালিম্পং ও আলিপুরদুয়ারের জেলাশাসক হিসেবেও কাজ করেছেন তিনি। দক্ষ প্রশাসনিক আধিকারিক হিসেবে পরিচিত আর বিমলা শিলিগুড়ি শহরের প্রশাসনিক কাঠামোর সঙ্গেও সুপরিচিত।

গত শুক্রবার শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দেন গৌতম দেব। এরপরই পুরবোর্ডের নেতৃত্ব নিয়ে তৃণমূলের অন্দরে তৎপরতা শুরু হয়। ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে মেয়র এবং সঞ্জয় পাঠককে ডেপুটি মেয়র করে নতুন বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়। তবে সেই উদ্যোগের বিরোধিতা করে একের পর এক চারজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন।

তা সত্ত্বেও পুরবোর্ডের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার চেষ্টা চালিয়ে যায় তৃণমূল। পুর ও নগরোন্নয়ন দফতরের নির্ধারিত সময়সীমার মধ্যেই সোমবার দুপুরে ২৪ জন তৃণমূল কাউন্সিলর লিখিতভাবে জানান যে তাঁরা নতুন বোর্ড গঠন করতে আগ্রহী। কিন্তু সেই চিঠি কমিশনারের কাছে জমা পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসক নিয়োগের নির্দেশিকা জারি করে রাজ্য সরকার।

উল্লেখ্য, ২০২২ সালের পুরনিগম নির্বাচনে ৩৭টি আসনে জয়লাভ করে শিলিগুড়ি পুরনিগমের বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। মেয়র নির্বাচিত হয়েছিলেন গৌতম দেব। কিন্তু সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে ভরাডুবির পাশাপাশি শিলিগুড়িতেও বড় ধাক্কা খায় তৃণমূল। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে বিজেপির শংকর ঘোষের কাছে ৭০ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন গৌতম দেব। শহরের সমস্ত ওয়ার্ডেই পিছিয়ে পড়ে তৃণমূল।

এরপর থেকেই গৌতম দেবের নেতৃত্ব নিয়ে দলের অন্দরে অসন্তোষ বাড়তে থাকে। শেষ পর্যন্ত তিনি মেয়র পদ থেকে ইস্তফা দেন। আর তার জেরেই পুরনিগমের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় আট মাস আগেই ভেঙে গেল শিলিগুড়ি পুরবোর্ড।


Share